

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ব্যবহারকারীদের একদম নতুন এক অভিজ্ঞতা দিতে মেটা নিয়ে এলো সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম- ‘ইন্সট্যান্টস’। এটি মূলত ইনস্টাগ্রামের একটি নতুন ফিচার, যা একই সাথে ডেডিকেটেড অ্যাপ হিসেবেও আত্মপ্রকাশ করেছে।
আজকাল ইনস্টাগ্রাম খুললেই শুধু ইনফ্লুয়েন্সারদের চকচকে আর সাজানো গোছানো ছবি দেখা যায়। কিন্তু আমাদের সাধারণ জীবন তো আর সবসময় তেমন নিখুঁত হয় না। তাই জীবনের আসল, অগোছালো আর সুন্দর মুহূর্তগুলো কোনো দ্বিধা ছাড়াই বন্ধুদের সাথে শেয়ার করার সুযোগ দিতেই ইনস্টাগ্রামের এই নতুন চেষ্টা।
এই ফিচারের মূল আইডিয়া হলো- ছবি তুলবেন আর সাথে সাথে শেয়ার করবেন। স্ন্যাপচ্যাটের মতোই, আপনার পাঠানো ছবি বন্ধুরা একবার দেখলেই সেটা নিজে নিজেই মুছে যাবে। সরাসরি ইনস্টাগ্রাম ক্যামেরা দিয়ে ছবি তুলে ‘ভিউ ওয়ান্স’ মোড সিলেক্ট করলেই কাজ শেষ! এতে করে ইন্টারনেটে আপনার ব্যক্তিগত ছবির বাড়তি কোনো প্রমাণ বা ফুটপ্রিন্ট থাকবে না, যা আপনার অনলাইন সুরক্ষাকে আরও বাড়িয়ে দেবে।
তবে আপনি চাইলে নিজের জন্য এই ছবিগুলো সর্বোচ্চ এক বছর পর্যন্ত একটা আর্কাইভে জমিয়ে রাখতে পারবেন। পরে বছরের শেষে সব ছবি মিলিয়ে একটা সুন্দর ‘র্যাপ-আপ’ স্টোরিও বানাতে পারবেন।
যেহেতু এটা পুরোপুরি মেসেজ বা ডিএম-ভিত্তিক, তাই কাছের বন্ধুদের সাথে মন খুলে ছবি শেয়ার করার জন্য এটা দারুণ একটা মাধ্যম। তবে ছবি মুছে গেলেও অন্যজন চাইলেই স্ক্রিনশট নিতে পারে। কিন্তু স্ক্রিনশট নিলে ইনস্টাগ্রাম নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে। তাই ছবি পাঠানোর সময় একটু সচেতন থাকা আর বন্ধুর ওপর বিশ্বাস থাকাটা জরুরি।
ফিচারটি ব্যবহার করা খুবই সহজ। মূল ইনস্টাগ্রাম অ্যাপের ডিএম সেকশনে একটা ‘ফটো স্ট্যাক’ আইকন পাবেন, সেখানে ক্লিক করলেই হবে। এছাড়া প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এর জন্য একটা আলাদা অ্যাপও পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, মূল অ্যাপটি দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছে, তাই চটজলদি ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার জন্যই এই আলাদা অ্যাপটি বানানো হয়েছে।
নিরাপত্তার দিক থেকেও মেটা বেশ জোর দিয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরী বা টিনএজারদের সুরক্ষায় কিছু নিয়ম এখানে অটোমেটিক চালু হয়ে যাবে। যেমন- তারা এই অ্যাপে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। এছাড়া রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত অ্যাপ ব্যবহার করার ওপরও বিধিনিষেধ থাকবে। এমনকি কোনো টিনএজার যদি আলাদাভাবে এই অ্যাপটি ডাউনলোড করে, তবে সাথে সাথেই তার অভিভাবকের কাছে নোটিফিকেশন চলে যাবে!
অন্য অ্যাপ থেকে আইডিয়া নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার আনা কিন্তু এই প্রথম নয়। এর আগেও তারা স্ন্যাপচ্যাটের মতো ‘স্টোরিজ’ আর বি-রিয়েল অ্যাপের মতো ‘ক্যান্ডিড স্টোরিজ’ এনেছিল।
