

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালিরর রোমে আবারও একসঙ্গে দেখ গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই দুই নেতার বেশ কয়েকটি ছবি। ছবিগুলো প্রকাশের পরই আন্তর্জাতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে তাদের ‘মেলোদি’ নামক জনপ্রিয় এই জুটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছানোর পরই তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন। পরে দুই নেতা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোদি লেখেন, রোমে পৌঁছে তিনি মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নৈশভোজ ও ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী বৈঠকে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে কাজ করার প্রত্যাশার কথা জানান।
রোমে মোদিকে স্বাগত জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, রোমে স্বাগতম, আমার বন্ধু।
নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই ‘মেলোদি’ নামে নানা আলোচনা ও মিম তৈরি হয়ে আসছে। আগেও দুই নেতা এসব নিয়ে হালকা মন্তব্য করেছেন, যা তাদের সম্পর্ককে ঘিরে অনলাইন আগ্রহ আরও বাড়িয়েছে।
এর আগে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল। এবার রোম সফরের এই সাক্ষাৎ আবারও কূটনৈতিক আলোচনা ও অনলাইন আলোচনায় নতুন করে জায়গা করে নিয়েছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, রোমে পৌঁছানোর পর মোদিকে ইতালিতে বসবাসরত ভারতীয় প্রবাসীরা উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথক, কুচিপুড়ি ও ভরতনাট্যম পরিবেশিত হয়। পাশাপাশি সেতার, সান্তুর, তবলা ও বাঁশির সুরে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা ভারতীয় ঐতিহ্যের পরিচয় তুলে ধরে।
