মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এআই ভিডিও নিয়ে যে হুঁশিয়ারি দিলেন আজহারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
মিজানুর রহমান আজহারী
expand
মিজানুর রহমান আজহারী

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর ক্লোন করে ছবি, বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ করেছেন তিনি নিজেই। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আজহারী। প্রতারক চক্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, অপরাধীরা দেশ বা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এখন সময়ের ব্যাপার মাত্র।

সম্প্রতি মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে জানানো হয়, দুই মাস আগে সতর্ক করার পর প্রতারক চক্র সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন নতুন উদ্যমে অপকর্ম শুরু করেছে। তারা এআই ব্যবহারের মাধ্যমে তার কণ্ঠ ও ছবি হুবহু নকল করে বিভিন্ন ভুয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছে। ইতোমধ্যে এ ধরনের সহস্রাধিক কন্টেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।

বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্টগুলো দ্রুত অপসারণের আবেদন জানানো হয়েছে। এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও পুরোদমে চলছে।

বিবৃতিতে বলা হয়, যারা এখনো এই গর্হিত কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের রেহাই দেওয়া হবে না। জনসাধারণের জানমাল ও বিশ্বাস নিয়ে খেলা করা এই চক্রকে আইনের মুখোমুখি করতে প্রশাসন বদ্ধপরিকর।

শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে যেন অবশ্যই অফিশিয়াল সোর্স থেকে যাচাই করে নিন। মিজানুর রহমান আজহারী স্পষ্ট করে জানিয়েছেন, হাসানা ফাউন্ডেশন কিংবা তার ব্যক্তিগত আইডি ছাড়া কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্যের প্রচার বা প্রমোশন করা হয় না।

জনসাধারণের সুবিধার্থে তার পক্ষ থেকে কমেন্ট বক্সে সকল অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক প্রদান করা হয়েছে। সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন বা পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন