

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ তানভীর বারী হামিমকে এই অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
অব্যাহতি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনও পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি।
জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ’।
গেল সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস প্রার্থী হয়ে পরাজিত হন হামিম।
এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের পক্ষ থেকে একই অভিযোগে হামিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল। তবে সে দিন রাতেই ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, নোটিশের জবাব তিনি দেবেন না। এরপরেই এমন সিদ্ধান্ত এল।
ওইদিন ভিডিও বার্তায় হামিম আরও বলেন, ‘আমি জানতে পারলাম যে গতকাল (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল, পরবর্তী সময়ে আমি শিক্ষার্থীদের সঙ্গে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম, সে কারণেই নাকি আমাকে শোকজ করা হয়েছে। এই কাজের কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে এই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’
অবশ্য শোকজের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।
মন্তব্য করুন
