মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
আইনজীবী মোহাম্মদ শিশির মনির
expand
আইনজীবী মোহাম্মদ শিশির মনির

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ‌‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’ মূলত দলের শীর্ষ নেতৃত্বের নেওয়া আগের সিদ্ধান্তের আলোকেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই অঙ্গীকার করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

ডা. শফিকুর রহমান সেই সমাবেশে আরও জানিয়েছিলেন যে, জনগণের কল্যাণে তারা সরকার বা বিরোধী দল-যে কোনো অবস্থানে থেকেই গঠনমূলক ভূমিকা পালন করবেন। তিনি আশ্বস্ত করেছিলেন যে, সরকার কোনো মানবিক ও ভালো কাজ করলে তারা সহকর্মী হিসেবে পাশে থাকবেন। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে রাজপথে নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X