মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে ওমানের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া ও পুরোনো পারমিট নবায়ন বন্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে চার বছরেরও বেশি আগে চালু করা একটি নীতি থেকে সরে এল দেশটি। ওই নীতির আওতায় ৬০ বছর পার হওয়ার পরও বিদেশি কর্মীদের বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের জন্য করা বেশ কয়েকটি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের বর্তমানে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।

এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে ওমানে কাজ করা অনেক প্রবাসী কর্মী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে যারা ৬০ বছর পার হওয়ার পরও ২০২২ সালের নীতির আওতায় নিয়মিত পারমিট নবায়ন করে কাজ চালিয়ে যাওয়ার আশা করছিলেন, তারা বেশি সমস্যায় পড়তে পারেন।

২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার ৬০ বছর বয়সের পর প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে থাকা আগের বয়সসীমা তুলে নেয়। সে সময় দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, বয়সসীমা পার হওয়ার পরও অভিজ্ঞ কর্মীদের চাকরিতে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিতভাবে বিশেষ অনুমতি চাইছিল।

পরবর্তীতে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বাওয়াইন বলেন, উৎপাদনশীল ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার ক্ষেত্রে নিয়োগকর্তাদের আরও সুযোগ দিতেই ওই নীতি পরিবর্তন করা হয়েছিল। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ওমানায়ন নীতির শর্ত পূরণ করেছে এবং যেসব পদ ওমানের নাগরিকদের জন্য সংরক্ষিত নয়, সেসব ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সুযোগ কার্যত বাতিল হয়ে গেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন