শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই বাংলাদেশির মৃত্যু সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিহতদের একজন মো. মুরসালিন। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরজন নবীর হোসেন।

নেতৃবৃন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির পুনরাবৃত্তি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিনা বিচারে একটি স্বাধীন দেশের নাগরিককে হত্যা করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা নতুন নয় উল্লেখ করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর সমাধান না আসায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও পর্যবেক্ষণমূলক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দশকে সীমান্তে বিএসএফের গুলিতে কয়েক শতাধিক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে উল্লেখ পাওয়া যায়। বারবার প্রতিবাদ ও কূটনৈতিক আলোচনা সত্ত্বেও এ ধরনের ঘটনা বন্ধ না হওয়ায় সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

এই অবস্থায় বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানোর পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান। এছাড়াও বিবৃতিতে ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেল নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন