শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পালানোর সময় মধ্যরাতে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
আলী হোসেন
expand
আলী হোসেন

কাতারে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলী হোসেনকে (৩০) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন।

তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে অবহিত করা হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে বুধবার সন্ধ্যায় নিয়ে আসে। ওসি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X