শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, জড়িতদের শাস্তি দাবি ছাত্রশিবিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশে যে নতুন গণতান্ত্রিক ও সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কিন্তু হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, এ হামলায় এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস, সাংবাদিকদের কয়েকটি গাড়ি এবং জেলা সার্কিট হাউসের ভেতরে রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তারা এ ঘটনাকে ‘ফ্যাসিবাদের পুনরুত্থানের অপচেষ্টা’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা আরও বলেন, এ ধরনের সহিংসতা এবারই প্রথম নয়। এর আগে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর দখলদারিত্ব, চাঁদাবাজি, হামলা, রাজনৈতিক সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক। তাদের ভাষ্য, এসব কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের চেতনা ও জাতীয় ঐক্যের পরিপন্থি।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের প্রতি হামলায় জড়িত নেতাকর্মীদের চিহ্নিত করে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রচলিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন