বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের শাস্তি চায় জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৮:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৭ মে) এক শোক বিবৃতিতে এই দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, এদিন ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সি ছয়টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটন করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন এই জামায়াত নেতা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন