বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৪৭ এএম
নুরুন্নাহার নিম্নি
expand
নুরুন্নাহার নিম্নি

তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি। তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।

মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান নিম্নি। পরে ভোরে তিনি সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার এই সাফল্যের খবর নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

এর আগে, ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে দ্বিতীয় নারী হিসেবে শিখর স্পর্শ করেন ওয়াসফিয়া নাজরীন।

১৪ বছর পর আজ এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

গত ১১ এপ্রিল নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। গত ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি।

ধাপে ধাপে ২৩ মে পৌঁছান ক্যাম্প-৪-এ। সেদিন শিখরের উদ্দেশে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাকে। এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েকদিন ক্যাম্প-২-এ অবস্থান করেন নিম্নি। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে আসলে আবার যাত্রা শুরু করেন। গতকাল পৌঁছান ক্যাম্প-৪-এ।

সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা তার সঙ্গে রয়েছেন।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নি। তার এই অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন