

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল দেশের অখন্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। কিন্তু অত্যন্ত দুঃখজনক আজও এই ঘটনার বিচার না হওয়া। একে অন্যের উপর দোষ চাপানোর কারণেই এর বিচার হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পল্টন কার্যালয়ে আয়োজিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের বিচার দাবি ও নিহতের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিডিআর বিদ্রোহে কারা নেতৃত্বে ছিল, পেছনে ছিল কারা-সঠিক তদন্তের মাধ্যমে তা জাতির সামনে প্রকাশ করা উচিত। নইলে আবারও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে বলে আশংকা করেন তিনি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছিল, তার বিচারের অপেক্ষা আর দীর্ঘ করা যায় না। শহীদ পরিবারের অশ্রু ও আহাজারি আজ জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে।’
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, তৎকালীন সরকার প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতে তদন্তের দিক ভিন্ন খাতে প্রবাহিত করেছিল।
তিনি আরও বলেন, ‘আমরা বারবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও জাতি আশাহত হয়েছে। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যেসব বিষয় উঠে আসছে, সেগুলোর মধ্যেও সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। কোনো এক অজানা কারণে এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
