শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খোকার ধারাবাহিকতায় জনগণ ইশরাককেই বেছে নেবে: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ এএম
পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনি জনসভা
expand
পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনি জনসভা

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন সাদেক হোসেন খোকা। এরই ধারাবাহিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোটাররা খোকাপুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেই বেছে নেবে।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার সন্তান। তিনি আপনাদেরই মানুষ। সবসময় আপনাদের সঙ্গেই থাকবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়ভাবে আটক বিএনপি নেতাকর্মীদের পুলিশের হেফাজত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ইশরাকের মিছিলে একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি কখনো মনোবল হারাননি। তার আচরণে তিনি সবসময় সহজ-সরলতা ও সততা দেখিয়েছেন। কখনো চরিত্রে দ্বিচারিতা দেখাননি।

জনসভায় ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, রাজাকারদের ভোট দেওয়া যাবে না, একাত্তরের বিরোধীদের ভোট দেওয়া যাবে না।

এরপর ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গত ১৭ বছরের শাসনের সংশোধন এবং বাংলাদেশ কোন পথে যাবে, তা এই নির্বাচনেই নির্ধারিত হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে কোতোয়ালি, বংশাল, সূত্রাপুরসহ অবহেলিত এলাকাগুলোতে পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন