

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি হিসেবে মনে করছেন।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নাম উল্লেখ করেন আসিফ নজরুল।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পোস্টে লেখেন, শেখ হাসিনার শাসনামলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আরও লেখেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী ও সুবক্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও তিনি সন্তানসম ছিলেন।
তবে আসিফ নজরুল একই সঙ্গে উল্লেখ করেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদে উপযুক্ত আরও কয়েকজন নেতা রয়েছেন।
এদিকে রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।