মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজসাক্ষী মামুনের ব্যপারে নতুন যে সিদ্ধান্ত হলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
expand
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ বছরের দণ্ড পাওয়া রাজসাক্ষী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে আছেন।

দণ্ড কার্যকর হওয়ার ফলে নিয়ম অনুযায়ী তার ডিভিশন–১ সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। এখন থেকে তিনি ডিভিশন–২ এর সুবিধা পাবেন এবং কারাবিধি অনুযায়ী নির্ধারিত কয়েদির পোশাক ব্যবহার করতে হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, কোনো বন্দি প্রথম শ্রেণির ডিভিশনে থাকলেও সাজা হলে তা স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ডিভিশনে নামিয়ে আনা হয়। সাজাপ্রাপ্ত বন্দির আবার ডিভিশন–১ সুবিধায় ফেরার সুযোগ থাকে না।

তবে সাবেক আইজিপি মামুন চাইলে ডিভিশন সুবিধা বজায় রাখার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন। সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন–২ সুবিধা পাবেন; অনুমোদন না মিললে সাধারণ কয়েদি হিসেবেই থাকতে হবে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিচারাধীন বন্দিদের সামাজিক মর্যাদা, পেশাগত অবস্থান ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় ডিভিশন সুবিধা দেওয়া হয়। কারাবিধিতে মোট তিন ধরনের ডিভিশন—ডিভিশন–১, ডিভিশন–২ ও ডিভিশন–৩—নির্ধারিত রয়েছে।

সরকারি ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এক থেকে আঠারো নম্বর অবস্থানে থাকা সাবেক দায়িত্বশীল ব্যক্তিরা ডিভিশন–১ পান। একই সঙ্গে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক পদকপ্রাপ্ত ব্যক্তি, সিআইপি, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি এবং এমেরিটাস অধ্যাপকরা এই শ্রেণির আওতায় থাকেন।

আর উচ্চ শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা ও জীবনযাপনের মান বিবেচনায় অন্য কিছু বন্দিকে ডিভিশন–২ দেওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন থানায় ও আদালতে দেড়শ’র বেশি মামলা বিচারাধীন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক ছিলেন তিনি। ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি আইজিপির দায়িত্ব পান। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন