সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৫১ পিএম
ঈদুল আযহার দিন ঢাকায় দুই দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
expand
ঈদুল আযহার দিন ঢাকায় দুই দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি কিংবা কখনো বা ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার ( ২৫ মে) দুপুরের দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এরই মধ্যে ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটিও শুরু হয়েছে। পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে অনেকেই ছুটছেন বাড়ির পথে।

ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। কখনো কখনো হঠাৎ বৃষ্টি দুর্ভোগ বাড়াচ্ছে জনজীবনে।

বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন জ্যৈষ্ঠ মাস। বর্ষাকাল শুরু হতে আরো ২০ দিনের মতো বাকি। তবুও দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতি বছর ঈদুল আযহার দিন সারাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত ও পশু কোরবানি। যে কারণে সাধারণ মানুষের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে?

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার আগামী পাঁচ দিনের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে বলা হয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, মে মাস বজ্র ঝড় ও শিলা বৃষ্টির মাস। এই মাসে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। এই মেঘমালা তৈরি হলে অনেক সময় অল্প সময়ের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়ে থাকে।

একদিকে ঈদের দিন যেমন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তেমনি তার আগের দুইদিনও ঢাকা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, কোরবানির ঈদের আগের এই দুই দিনের বৃষ্টিপাতে ভোগান্তি বাড়তে পারে পশুর হাট কিংবা মানুষের ঈদ যাত্রায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন