

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম এবং চার দেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে নতুন করে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগে বলা হয়েছে, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ। এসব অর্থ দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে বিলাসবহুল ভিলা কেনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে। তার দুই বোন জামাই ও এক ভাগ্নের মাধ্যমে এসব অর্থ পাচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডার বাণিজ্যের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, কেনাকাটায় সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দুদক সূত্র জানায়, নতুন করে পাওয়া অভিযোগগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

