

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের কয়েকজন যাত্রী ব্যাগেজে বিদেশি মদ বহন করছেন। এরপর বিমানবন্দরে নজরদারি জোরদার করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়া এর ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
একই আন্তর্জাতিক ফ্লাইটে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় মদগুলো ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে, নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

