বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৩:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না-হওয়ার অভিযোগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুঃখ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে অতিথিদের উদ্দেশে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং তথ্যচিত্রে কোনো ধরনের ত্রুটি বা অসম্পূর্ণতা থেকে থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন। একই সঙ্গে এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রীও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুনরায় জানানো হচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে শিগগিরই পুনরায় জনসম্মুখে উন্মুক্ত করা হবে।’

এতে আরও উল্লেখ করা হয়, প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলীর যথাযথ প্রতিফলন না হওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ‘কোনো ব্যক্তি, সংগঠন বা গণঅভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা বা ইতিহাসের কোনো অংশকে আড়াল করার কোনো উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না এবং নেই।’

মন্ত্রণালয় আরও জানায়, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামত গ্রহণ করে তথ্যচিত্রটি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত তথ্যচিত্র দ্রুত পুনরায় জনসমক্ষে উন্মুক্ত করা হবে, যাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ অবদান যথাযথ মর্যাদা ও ঐতিহাসিক সত্যতার সঙ্গে উপস্থাপিত হয়।

শেষে মন্ত্রণালয় আবারও এ ঘটনায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সকলের গঠনমূলক মতামত, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছে। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক ইতিহাস সংরক্ষণই মন্ত্রণালয়ের অঙ্গীকার।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন