

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (০২ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তাবিত মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপির যাচাই কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় মানিকগঞ্জে জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদীভিত্তিক পর্যটন বিশেষ গুরুত্ব পায়। এছাড়া, টুরিস্ট ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হ্যান্ডিক্র্যাফট সেন্টার লাইফ গার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় পর্যটনমন্ত্রী বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রতিটি স্থানের জন্য সুনির্দিষ্ট পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। এছাড়া, নতুন পর্যটন স্থানকে কীভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা যায় সেটাকে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাই সরকারি বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া, কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু সংলগ্ন অতিথিশালাকে সাধারণ জনগণের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ অতি দ্রুত নেওয়া হবে।
এ সময় তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রমোশনাল ওয়েবসাইট https://beautifulbangladesh.gov.bd/ এর মাধ্যমে দেশের অতুলনীয় সৌন্দর্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে, সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী দুঃখপ্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।