সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ছয় বছর পর বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার (১৯ জুলাই) এক প্রজ্ঞাপনে জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে ইস্যু হওয়া নতুন পাসপোর্টের ডাটা পেজে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ ঘোষণা থাকবে। তাদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থান এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-পাসপোর্টের নকশায়ও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে যুক্ত করা হবে। পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শনও স্থান পাবে।

নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিত্র জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।

এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানাম নগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবিও নতুন নকশায় স্থান পাবে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এসব পরিবর্তনের মধ্যেও পাসপোর্টের ডাটা পেজে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ ঘোষণা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থান এবং জনমত বিবেচিত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। তখন পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। এরপর বিভিন্ন মহল থেকে ই-পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পাসপোর্টে বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একাধিক সভা করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায়। প্রধানমন্ত্রী ই-পাসপোর্টে কয়েকটি ছবি যুক্ত করতে বলেন। সেসব ছবি জলছাপে যুক্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন