

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কোথায় দুর্নীতি হয়েছে, কারা জড়িত এবং কীভাবে অনিয়ম হয়েছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে একটি সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তার মতে, অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
এর আগে বাজেট আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতির তদন্তের দাবি জানান। সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবে সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন, নির্বাচনের জন্য আপস করে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। ফলে এই সরকারের অনেক ভালো কথায় কীভাবে বিশ্বাস রাখব?’
নিজের বক্তব্যে এর জবাব দেন সালাহউদ্দিন বলেন, ‘একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে। নাহিদ ইসলাম বললেন, আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে, অনেক কিছু আপস করে আমরা জুলাই সনদে সই করেছি? হ্যাঁ। আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে, জুলাই সনদে সবাই মিলে সমঝোতায় এসেছি এবং স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সব বিষয়ে একমত নাও হতে পারতাম কিন্তু জাতির স্বার্থে আপস করেছি। এটা কেন বিকৃত করা হচ্ছে? যাদের পরিকল্পনা ছিল নির্বাচন না, পাঁচ বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়নি। বিরোধীদলীয় নেতা ১৫ দিনের মধ্যে পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়েছিলেন ৫ কার্যদিবসে বিচার হয়েছে। চট্টগ্রামে শিশু ধর্ষণের বিচার হয়েছে।
বাজেট আলোচনায় তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যেই নতুন বাজেট বাস্তবায়নের কাজ চলছে। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরকার সামাজিক নিরাপত্তা, কৃষি ও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
