শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
সংগৃহীত
expand

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় আটকে থাকার পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

সোমবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালি অতিক্রম করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজে কর্মরত অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাসের সময় জাহাজের কাছাকাছি এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নাবিকরা অল্পের জন্য রক্ষা পান।

প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিএসসি বিষয়টি নিয়ে তৎপর ছিল। একাধিক প্রচেষ্টার পর চতুর্থবারের চেষ্টায় জাহাজটি প্রণালি অতিক্রমে সফল হয়।

প্রণয় সাহা সোমবার রাত সাড়ে ১২টার দিকে জানান, তারা হরমুজ প্রণালির উদ্দেশে রওনা হয়েছেন। পরে রাত সাড়ে ৩টার দিকে আরেকটি বার্তায় তিনি নিশ্চিত করেন যে জাহাজটি নিরাপদে প্রণালি অতিক্রম করেছে।

বিএসসি জানিয়েছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank