শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা করা হলে সন্দেহের চোখে দেখা হবে: তথ্যমন্ত্রী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘‘আমাদের ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ একটি বিরাট অর্জন। আর যদি ১৪০ কোটি আর ২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্ক’র ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। অন্য কোনো শক্তির ওপর ভর করে কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা করা হলে, তাকে সন্দেহের চোখে দেখা হবে। আঞ্চলিকতার জন্য সার্ক এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এভাবেই আমরা এগোতে চাই।’’

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘দেশ পুনর্গঠনে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘যখন জাতি সংকটে ছিলো, তখনই দেশকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন আমাদের নেতা তারেক রহমান।’ তিনি বলেছিলেন ‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। তিনি আরও বলেছিলেন ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি ঘুরে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’। এসব স্লোগান কিন্তু আমাদেরকে জুলাই আন্দোলনের শক্তি ও সাহস জুগিয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন আদায় করতে পেরেছি।’

তিনি বলেন, ‘অতীতের তুলনায় বর্তমান সংসদ জনগণের জন্য কাজ করছে। তবে আমাদের বন্ধুর পথকে আমাদের প্রকৃত বন্ধু কিংবা দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী বন্ধু সেটা বের করতে হবে। সেজন্যই আমরা বাংলাদেশি সংগঠনের সূচনা। আগামী ৫ আগস্ট বাংলাদেশের সর্বশেষ মহান বিজয় ও গণঅভ্যুত্থানের দিবস পালনের দিন ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের যাত্রা শুরু হতে পারে। কে বন্ধু কে কার শত্রু বা সমর্থক সেদিকে গেলে আমাদের লক্ষ্যভ্রষ্ট হতে পারে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন, আর যারা বাইরে কথা বলেন, তাদের ভাষা এক হলেও মনোজগতে পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্তিকভাবে বাংলাদেশি।’

সংগঠনটির মূল উদ্যোক্তা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা রাশেদ খান ও মোমিনুল আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন