

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নবগঠিত যুবদল কমিটি সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ‘বাংলাদেশ সবার আগে বাংলাদেশ’—এই ভিশন বাস্তবায়নে যুবদল অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন যুবদলের এই কমিটিকে শক্তি, সাহস ও তৌফিক দান করেন, যাতে তারা সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশের কল্যাণে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো যুবক ও তরুণদের সামনে নিয়ে আসা। কারণ, তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব তারা সফলভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।