সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
জাতীয় সংসদ। ফাইল ছবি
expand
জাতীয় সংসদ। ফাইল ছবি

প্রশাসনের গতি বাড়ানোর লক্ষ্যে সরকারের বর্তমান মন্ত্রীসভার পরিধি আরও বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী তরেক রহমানের নেতৃত্বে চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। তখন প্রাথমিকভাবে দায়িত্ববান ব্যক্তিদের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল।

তবে এবার এই মন্ত্রীসভার বিস্তৃতি আরও বাড়ানো হবে। এত জায়গা পেতে পারেন দলটির হেভিওয়েট নেতা এবং টেকনোক্র্যাট কোটায় আসতে পারেন অনেকে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি, সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আসা এবং একজন মন্ত্রীর দায়িত্ব একটি মাত্র দপ্তরে সীমাবদ্ধ রাখার লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মূলত কাজের গতি বাড়াতেই এমন উদ্যোগ নিতে চলেছে সরকার। এছাড়াও বেশ কিছু মন্ত্রণালয়ে রদবদলের আভাসও মিলছে। দেখা যেতে পারে নতুন মুখ। আসন্ন বাজেট অধিবেশন শেষ হওয়ার পরই বর্তমান মন্ত্রীসভার এই সম্প্রসারণ দেখা যেতে পারে বলে জানিয়েছিল দলের সূত্র।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের মতো ত্যাগী নেতারা।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকলেও বর্ধিত মন্ত্রিসভায় তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও বর্তমানে হুইপের দায়িত্ব পালন করা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নামের পাশাপাশি পাবনা থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নামও আলোচনায় রয়েছে।

বর্ধিত মন্ত্রিসভায় আরও যুক্ত হতে পারেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, কুমিল্লার সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এদিকে সূত্র বলছে, প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন খুলনার সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, ফরিদপুরের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং সিরাজগঞ্জের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের মধ্য থেকে যে কেউ।

তবে নতুন মন্ত্রীসভার কাঠামো কেমন হতে পারে সে বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এ বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এটি দলের চেয়ারম্যান ও সরকারপ্রধান তারেক রহমানই ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কখন কাকে মন্ত্রীসভায় নেবেন, কোথায় দায়িত্ব দেবেন, তা সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন