

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য সবাইকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনে একটি বার্তা দিতে চাই, আমরা যেন জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য এবং জাতির কল্যাণে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা- আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন।
পাশাপাশি সরকারপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ-সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ উপস্থিত ছিলেন।