

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি, বৃষ্টির কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৭ মে) বিকেলে উত্তরায় দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুদিনই সিটি করপোরেশনের কর্মকর্তা এবং প্রশাসক নিজেও এসেছেন। ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইজারাদারকেও জরিমানা করা হয়েছে। এখানে থাকা পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছেন। তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে এসে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।
প্রতিমন্ত্রী জানান, রাস্তার ওপর পশু চলে আসায় কিছু জায়গা নোংরা হয়েছিল। তবে আজ সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, এখানে সার্বক্ষণিক সিটি কর্পোরেশনের লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মেট্রোর আশেপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেয়া হবে না। আমরা বারবার বলেছি, নির্ধারিত সীমানার বাইরে হাট বসবে না। যখনই বিষয়টি আমাদের নজরে এসেছে, তখনই ব্যবস্থা নিয়েছি। জনগণেরও সহযোগিতা প্রয়োজন।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন, যখন বৃষ্টি হয়েছিল তখন কিছু ব্যবসায়ী তাদের গরু নিয়ে সেখানে অবস্থান নিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার বসেছে জানতে পেরে রাত দেড়টায় আবার ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছি। আজ সকাল থেকেই ক্লিনিং কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, এই জায়গা আমরা ইজারা দেইনি। যারা সেখানে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। ইজারাদারদের সাথেও এ বিষয়ে কথা বলা হয়েছে।