

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে বর্তমান দামের তুলনায় প্রায় ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে দাম বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি।
পিডিবির এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা।
শুনানিতে পিডিবির পক্ষ থেকে বলা হয়, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে প্রায় ৬২ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে। আগামী অর্থবছরে সেই ঘাটতি বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম সমন্বয় না করলে পুরো খাত বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়বে বলে দাবি করেন সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।
গণশুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়বে। ভয়াবহ অবস্থা হবে। তাই দাম বাড়ানোর কোনও সিদ্ধান্তই নেয়া যাবে না।
তিনি বলেন, পিডিবি দাম বাড়ানোর যে সুপারিশ করেছে, তার সঙ্গে জনগণের স্বার্থ দেখা হয়নি। তাই এই গণশুনানি বাতিল করা হোক।
প্রসঙ্গত, পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর বুধবার ও বৃহস্পতিবার গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
