

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর এবার সেবা কার্যক্রমকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। রাজধানী ও জেলা শহরকেন্দ্রিক কার্যক্রমের বাইরে গিয়ে দেশের ৪৯৫টি উপজেলায় সরাসরি দাপ্তরিক উপস্থিতি গড়ে তুলতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে নতুন জনবল নিয়োগের প্রস্তাব ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয়।
এতে বলা হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস’ অনুযায়ী সারা দেশে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সময়ের সঙ্গে সংস্থাটির কাজের পরিধি বাড়লেও সে তুলনায় জনবল বাড়েনি।
বর্তমানে দেশজুড়ে ১০টি সিভিল ও ৩টি ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল জোনসহ মোট ১৭টি জোনের মাধ্যমে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি জোনের অধীনে সার্কেল, বিভাগ ও উপবিভাগের মাধ্যমে জেলা পর্যায়ে কাজ চলছে। অধিদপ্তরে বর্তমানে ১ হাজার ৩৮ জন বিসিএস ক্যাডারসহ মোট ২ হাজার ৪০৩ জন প্রকৌশলী কর্মরত রয়েছেন। তবে জেলা পর্যায় থেকে কাজ পরিচালনার কারণে অনেক সময় উপজেলা পর্যায়ের প্রকল্পগুলোর তদারকি ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, উপজেলা পর্যায়ে উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হলে প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর হবে। এজন্য প্রায় ১ হাজার ৪৭৫টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, পুলিশ স্থাপনা, সরকারি বাসভবন, হাসপাতাল, মেডিকেল কলেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি গত কয়েক বছরে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, সরকারি স্থাপনা নির্মাণে গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর তুলনামূলকভাবে বেশি দক্ষতা দেখিয়েছে। তবে স্থানীয় পর্যায়ের নানা প্রকল্পে তদারকির ঘাটতি রয়ে গেছে। তাই উপজেলা পর্যায়ে কার্যক্রম বিস্তারের উদ্যোগকে প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘আমাদের সেবার মান উপজেলা পর্যায়ে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে দক্ষ জনবল রয়েছে তা দিয়ে ভৌত অবকাঠামো নির্মাণে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখতে চাই।’
