বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:২৫ পিএম
expand
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের

জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকার। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৌরভ রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শামসুল আলম শায়েস্তা এবং জাতীয় মুক্তি কাউন্সিলের ফতুল্লা অঞ্চলের সংগঠক শ্যামকুল।

সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও মৌলভীবাজার অঞ্চলে পঞ্চাশ হাজার একরের বেশি জমির পাকা বোরো ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষক আহাদ মিয়া জমির ধান নষ্ট হয়ে যাওয়ার শোকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন। সারা বছরের আয় হারিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি ৬ মাসের খাদ্য সহায়তা, কৃষিঋণ মওকুফ, নগদ অর্থ সহায়তা, বিনামূল্যে পশুখাদ্য সরবরাহসহ হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে বলেন, সবার আগে দেশের শ্রমিক, কৃষক ও মেহনতি জনগণের কথা ভাবতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে ফয়জুল হাকিম বলেন, যে চুক্তির প্রতি জনগণের সমর্থন নেই, সেই চুক্তি করা চলবে না। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে চলতে দেওয়া হবে না।

সমাবেশে নেতৃবৃন্দ ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সর্বত্র শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের মুক্তি কাউন্সিল গঠনের আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup