

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত কয়েক বছরে বন্ধ হওয়া কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কল-কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছি। আমরা শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।
তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
হকারদের উচ্ছেদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা বলেছি তারাও মানুষ তাদেরও অধিকার আছে, তাই উচ্ছেদ এর সাথে সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা কথা বলেছি
"রাষ্ট্র মেরামত করা ছাড়া কোন উপায় নাই। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কথা বলেছি। কৃষক শ্রমিক ছাত্র নারী, সাধারণ নাগরিক, প্রত্যকটি শ্রেণী পেশার মানুষের জন্য আমরা পরিকল্পনা দিয়েছি। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছি।"
তারেক রহমান বলেন, যারা দেশকে বিপর্যয়ের পর্যায়ে নিতে চায়, দেশকে বিপদের মুখে ঠেলে দিতে চায়, তাহলে সকলে মিলে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। যেভাবে আমরা স্বৈরাচারকে ১৭ বছর জবাব দিয়েছিলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম প্রমুখ।
মন্তব্য করুন