মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ছয়টি শর্ত মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষের সুযোগ পাবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন।

এতে বলা হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারি হতে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ গ্রহণ করা হয়েছে।

এতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষের ক্ষেত্রে ছয়টি শর্তের কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে বলেও উল্লেখ করা হয়েছে।

মানতে হবে যে ৬ শর্ত

১. জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ এর ৩.১ (খ) অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে সাত কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্যক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।

৩. প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।

৪. পরিদর্শনকালে ভবনের ভেতর মোবাইল ফোন, ক্যামেরা, ইলেক্ট্রনিক্স গ্যাজেট, ব্যাগ কোন প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।

৫. মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্যক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।

৬. সংসদ ভবনের ভেতর শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন