বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউ ভিসির কাছে ২০ দফা দাবিতে মুভমেন্ট ফর জাস্টিসের স্বারকলিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম
মুভমেন্ট ফর জাস্টিসের স্বারকলিপি প্রদান
expand
মুভমেন্ট ফর জাস্টিসের স্বারকলিপি প্রদান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের কাউকে প্রশাসনিক ও একাডেমিক পদে বা অতিরিক্ত দায়িত্বে না রাখা, নিয়োগ, পদোন্নতি, পরীক্ষা প্রক্রিয়া ও তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত না করাসহ ২০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘মুভমেন্ট ফর জাস্টিস’।

আজ বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কার্যালয়ে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেন মুভমেন্ট ফর জাস্টিসের নেতারা।

সাক্ষাতে সংগঠনটির বিএমইউ শাখার আহ্বায়ক ডা. মুহা. শহিদুল হক ও সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবাল ২০ দফা দাবি সম্বলিত লিখিত স্মারকলিপ ভিসির কাছে পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও ভিসির একান্ত সচিব মো. লুৎফর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বিএমইউতে কর্মরত শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ বিগত ১৬ থেকে ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত, নিপীড়ন, নিগৃহীত, চাকুরিচ্যুত ও ন্যায্য অধিকার বঞ্চিত। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদায়ন, পদোন্নতি, গ্রেডের উন্নতিকরণ ও চাকরি স্থায়ীকরণ না করে সমাজে হেয় করা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকায় হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

২০ দফা দাবিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কোনো প্রশাসনিক বা একাডেমিক পদে, এমনকি অতিরিক্ত দায়িত্বেও থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি, পরীক্ষা প্রক্রিয়া ও তদন্ত কমিটিতে ফ্যাসিস্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অনিয়মের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত (সম্ভাব্য সংশোধন) সকল বিতর্কিত নিয়োগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের পেশাগত ন্যায্য অধিকার নিশ্চিত করতে গ্রেড উন্নয়ন ও প্রযোজ্য ক্ষেত্রে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

মেডিক্যাল উচ্চশিক্ষায় পোস্টগ্রাজুয়েট কোর্সে বঞ্চিত চিকিৎসকদের সুযোগ প্রদান ও বৈষম্য দূরীকরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে চাকরিচ্যুত, পদাবনতি করা বা বাধ্যতামূলক অবসর দেওয়া ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতিসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বৈষম্যের শিকার সকলের অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে।

জুলাই ২৪ আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলাগুলোর যথাযথ তদারকি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা পুরনো নামফলক দ্রুত পরিবর্তন করে নতুন নাম স্থাপন করতে হবে। ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

ছাত্রছাত্রীদের জন্য ‘জুলাই শহীদ বৃত্তি’ চালু এবং ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রতিষ্ঠা করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করে তা প্রশাসনিক ভবনের নিচতলায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

রোগীর এটেনডেন্টদের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বৈদ্যুতিক ও মেকানিক্যাল সেবা উন্নয়ন, পোস্টগ্রাজুয়েট চিকিৎসক, ক্লিনিক্যাল ও নার্সিং স্টাফদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের অবাধ পরিবেশ নিশ্চিত করতে হবে। দক্ষতা উন্নয়নের জন্য সফট ক্যাডাভার-ভিত্তিক সিমুলেশন ল্যাব স্থাপনের দাবিও জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে মুভমেন্ট ফর জাস্টিসের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মো. মশিউর রহমান, ডা. মো. এনামুল হক, ডা. মো. জামিলুর রহমান, ডা. মো. মাহমুদ মান্নান, ডা. মো. রিয়াদুল জান্নাত, ডা. মো. আবুল কালাম আজাদ, ডা. মো. মাহবুবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুয়ায়ুন কবীর, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, কর্মকর্তা শামীম আহম্মদ, মো. ইলিয়াস খাঁন প্রমুখ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন