বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির বয়সসীমা ৩২ করার অধ্যাদেশে একমত সংসদীয় কমিটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ এএম
সংগৃহীত গ্রাফিক্স
expand
সংগৃহীত গ্রাফিক্স

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণের প্রস্তাব এগিয়ে নিতে সংসদে গঠিত বিশেষ কমিটি একমত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়।

বৈঠক শেষে সংসদে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চাকরির বয়সসীমা ৩২ বছরে উন্নীত করার সুপারিশে কমিটির সদস্যরা একমত হয়েছেন।

তিনি আরও বলেন, বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। প্রথম দিনের বৈঠকে ২৭টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যার মধ্যে অধিকাংশ বিষয়ে কমিটির সদস্যরা সমর্থন দেন।

কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত অধ্যাদেশগুলোর মধ্যে ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬’, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’, ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬’, ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’, ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’, ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’, ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ২০২৬’, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬’, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫’, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’, এবং ‘স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ পর্যালোচনা করছে। কমিটির সদস্যরা জানান, অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা যাচাই করে দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।পরবর্তী বৈঠকে বাকি অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন