মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি প্রসঙ্গে অধিকারের বিবৃতি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
আদিলুর রহমান খান
expand
আদিলুর রহমান খান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সেক্রেটারি, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে অধিকার। অধিকারের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আদিলুর রহমান খান সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ২ মার্চ আদিলুর রহমান খান নেপালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নেপালের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশনে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ জিজ্ঞাসাবাদের নামে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রানি করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি এন্ট্রির মাধ্যমে তাকে বর্হিগমনের ক্লিয়ারেন্স দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, আদিলুর রহমান খানকে হয়রানির এই সংবাদটি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। কিন্তু কয়েকটি পত্রিকা আদিলুর রহমান খান কূটনৈতিক লাল পাসপোর্ট ব্যবহার করায় এই সমস্যা তৈরি হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

উল্লেখ্য, আদিলুর রহমান খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাল পাসপোর্ট বাতিল করিয়েছেন। নেপাল যাত্রার সময় তিনি সাধারণ পাসপোর্ট বহন করছিলেন এবং সাধারণ গেট ব্যবহার করে ইমিগ্রেশনে উপস্থিত হন।

উল্লেখ্য, কর্তৃত্ববাদী হাসিনা সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য সোচ্চার থাকায় আদিলুর রহমান খান প্রতিবার বিদেশ গমনের সময় ইমিগ্রেশনে হয়রানির শিকার হতেন। এই সময় তাকে ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশনে আটকে রাখা হতো। বর্তমানেও তার প্রতি এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য এবং উদ্বেগের বিষয়।

চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশে মানবাধিকার কর্মীর প্রতি এ ধরনের হয়রানি মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে বলা হয়েছে, অধিকার মনে করে, শেখ হাসিনার আমলে যেসব মানবাধিকার কর্মী এবং সাংবাদিকের বিরুদ্ধে বিমানবন্দরে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল; তাদের বিষয়ে বর্তমান সরকারকে দায়িত্ব নিয়ে হয়রানিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। আদিলুর রহমান খান নেপালের নির্বাচন পর্যবেক্ষণ শেষে দেশে ফিরে আসবেন। আদিলুর রহমান খানসহ সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যাতে আর কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে অধিকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন