শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮, ১১, ১৩ ও ১৬ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে : মাহদী আমিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ এএম
বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন
expand
বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ঢাকা শহরের বেশকিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে এবং হচ্ছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন-বগুড়া-৬ এবং ঢাকা-১৭—তে ইতোমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি বলেন, বুধবার রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকেই এরই মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে, এই বিজয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

মাহদী আমিন বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের দিনও (বৃহস্পতিবার) দেশজুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে, নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। যদি উদাহরণ দেই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬-সহ বেশকিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে এবং হচ্ছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপির কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিছুটা ব্যাহত করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X