বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর বিরুদ্ধে মামলা করবেন ‘১৩ বছরের মা’ জুঁই 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মা জুঁই। ছবি: এনপিবি
expand

ঢাকা জেলা লিগ্যাল এইডের নির্দেশনায় আপাতত সাত মাস বয়সী ছেলেসন্তানকে নিজের জিম্মায় রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মা জুঁই। তবে শিশুর সঠিক পরিচর্যার স্বার্থে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছে তাকে।

গত ৪ আগস্ট ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত সে মায়ের কাছেই থাকবে।

এদিকে, আগামীকাল রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্বামী মো. শাকিল মিয়াসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ১৩ বছর বয়সী মা জুঁই। বিষয়টি নিশ্চিত করেছেন জুঁইয়ের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল মিত্র রায়।

তবে জুঁই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগতভাবে তিনি নিজে মামলার বাদী হতে পারবেন না। তার পক্ষে তার মা অথবা আইনগত অভিভাবক মামলার বাদী হবেন বলে জানা গেছে।

লিগ্যাল এইড সূত্রে জানা যায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে জুঁইয়ের স্বামী মো. শাকিল মিয়ার করা আবেদন বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন। ফলে শেষ পর্যন্ত শিশুর স্থায়ী জিম্মা কার কাছে থাকবে, সে সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পারিবারিক আদালত।

জানা যায়, ২০২৫ সালে টিকটকের মাধ্যমে জুঁইয়ের সঙ্গে মো. শাকিল মিয়ার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং নোটারির মাধ্যমে বিয়ে হয়। এরপর তাদের একটি সন্তান জন্ম নেয়। তবে পরবর্তীতে সন্তানকে কেন্দ্র করে বিরোধের জেরে তাদের সংসার ভেঙে যায়।

সন্তানকে ফিরে পেতে গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইডে আবেদন করেছিলেন জুঁই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি শেষে আপাতত সাত মাস বয়সী শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank