

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মচারী আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় আরও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি মামলায় দুইজন এবং অপর মামলায় সাতজন সাক্ষ্য দিয়েছেন। দুই মামলাতেই একজন সাক্ষী অভিন্ন ছিলেন। আগামী ১৬ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বর্তমানে আবজাল হোসেন কারাগারে রয়েছেন। অন্যদিকে তার স্ত্রী রুবিনা খানম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে।
দুদক ২০১৯ সালের ২৭ জুন আবজাল ও রুবিনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। মামলাগুলোতে তাদের বিরুদ্ধে মোট ৩৬ কোটি ৩০ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে বিভিন্ন উপায়ে প্রায় ২৮৪ কোটি ৫১ লাখ টাকা পাচারের অভিযোগও রয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি আদালত দুই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে একটি মামলায় ৬১ জন সাক্ষীর মধ্যে ৪৫ জন এবং অপর মামলায় ৩৮ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ আগস্ট আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আবজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।