

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলবেনিয়ার মন্ত্রিসভায় যুক্ত হলো এক অনন্য সদস্য—যিনি মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক ভার্চুয়াল চরিত্র। তার নাম রাখা হয়েছে দিয়েলা, যার অর্থ আলবেনীয় ভাষায় “সূর্য”।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামা তার নতুন মন্ত্রিসভা ঘোষণা
করতে গিয়ে জানান, সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়া তদারকি করবে দিয়েলা। এর মাধ্যমে দুর্নীতি ঠেকানোই মূল উদ্দেশ্য। তিনি বলেন, টেন্ডার কার্যক্রম যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, সেই নিশ্চয়তা দেবে এই এআই-মন্ত্রী।
আলবেনিয়ায় বহুদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত বলে সমালোচনা হয়ে আসছে। পাশাপাশি দেশটিকে মাদক ও অস্ত্র পাচার এবং অর্থপাচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়।
এসব কারণে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পথে আলবেনিয়া নানা জটিলতার মুখে। যদিও রামা ঘোষণা করেছেন, ২০৩০ সালের মধ্যে দেশকে ইইউতে নিতে চান।
তবে দিয়েলা স্বাধীনভাবে কাজ করবে নাকি মানব তত্ত্বাবধানে চলবে—এ বিষয়ে সরকার স্পষ্ট কিছু জানায়নি। ফলে প্রশ্ন উঠছে, এআই-ভিত্তিক এই মন্ত্রীকে হ্যাক বা প্রভাবিত করার ঝুঁকি কতটা।
এর আগে চলতি বছরের শুরুতে ই-আলবেনিয়া নামের অনলাইন প্ল্যাটফর্মে নাগরিকদের নথি প্রক্রিয়ায় সাহায্যকারী ভার্চুয়াল সহকারী হিসেবে আত্মপ্রকাশ করে দিয়েলা।
ঐতিহ্যবাহী পোশাকে হাজির হওয়া এ চরিত্র তখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা কিছুটা কমাতে সক্ষম হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে হাসি-ঠাট্টারও কমতি নেই। কেউ মন্তব্য করেছেন, “একদিন দিয়েলাও দুর্নীতির শিকার হবেন।” আরেকজন লিখেছেন, “সব আগের মতোই চলবে, শুধু দোষটা চাপানো হবে দিয়েলার ঘাড়ে।”
মন্তব্য করুন

