

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য এবং সাংবাদিকদের দিয়ে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করানোর প্রস্তাব দিয়ে সমালোচনায় আসা স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী পদোন্নতি পেয়েছেন। তাকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
একই আদেশে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) বর্তমান পরিচালক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এর আগে গত ২৪ জুন নিজের ফেসবুক পোস্টে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। তিনি এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও উল্লেখ করেছিলেন। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলেন।
এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অধিকার নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে অবস্থান নেওয়ায় চিকিৎসকদের একটি অংশের সঙ্গে তার মতবিরোধ দেখা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার কয়েকটি মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে তাকে অশালীন ও ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করতে দেখা যায়। এসব মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এমন বিতর্কের মধ্যেই তাকে আইপিএইচের পরিচালকের চলতি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
