শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর থেকে ৫ মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গাজীপুরে পৃথক পাঁচ ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ, মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু এবং কোনাবাড়ীতে জন্মের সময় মারা যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গরুর ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সঙ্গে নিলয়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে নিলয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদ এতিমখানার পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওতঁ পেতে থাকা রাসেল তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাহিদ উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরের ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে জাহিদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অন্যদিকে, শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া শনিবার সকাল ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিহতের বাড়ি রেলস্টেশন এলাকায় হওয়ায় পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকাতেও জন্মের সময় মারা যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জন্মগ্রহণের সময়ই শিশুটির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে দাফন করার কথা থাকলেও মরদেহটি দাফন না করে এমএম গার্মেন্টস সংলগ্ন আমবাগ ব্রিজের নিচে ফেলে রেখে যাওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে পাঠানো হয়।

নবজাতকের মরদেহ এভাবে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় একই দিনে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব ঘটনার বিষয়ে পৃথকভাবে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন