শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে জামায়াত-বিএনপিপন্থিদের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকের এ সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

তিনি বলেন, ‘পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত। বিষয়টি মূলত বিহারি-বিহারিদের মধ্যে ছিল। পরে এর জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে।’

পুলিশের ভাষ্য, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পাশাপাশি ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, ‘তাদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। কেউ আহত হয়েছেন কি না, এ বিষয়ে এখনো আমাদের কাছে তথ্য আসেনি।’

পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন