

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাস্যরসাত্মক কনটেন্ট দিয়ে লাখো মানুষের মুখে হাসি ফোটানো সেই কারিনা কায়সার এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন কারিনার পরিবার ও ঘনিষ্ঠজনরা।
শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধে অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর মধ্যেই তিনি হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হন। পরে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করলে তার লিভার ফেইলিউর হয়।
কায়সার হামিদ বলেন, “অবস্থা খুব একটা ভালো না। আইসিইউতে ছিল, গতকাল রাতে লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দিতে হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার খবর প্রকাশ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই’ নামে পরিচিত। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় ধরা পড়ে, তিনি হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হয়েছেন।
ডানা আরও জানান, কারিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার-ও কারিনার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোনো তহবিল সংগ্রহ করা হচ্ছে না। তবে, প্রয়োজনে জানানো হবে। এই মুহূর্তে কারিনার পরিবার শুধু চায়, মানুষ যেন তার সুস্থতার জন্য দোয়া করে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও প্রশংসিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মে তার কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬। তিনি কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ-এর নাতনি।
কারিনার হঠাৎ অসুস্থতার খবরে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ভক্ত-সহকর্মী সবাই এখন একটাই প্রার্থনা করছেন – আবারও যেন হাসিমুখে ফিরে আসেন কারিনা কায়সার।
