শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীর বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৪:৪৭ পিএম আপডেট : ০১ মে ২০২৬, ০৫:০৩ পিএম
আশু রেড্ডি। ছবি : সংগৃহীত
expand
আশু রেড্ডি। ছবি : সংগৃহীত

তেলুগু অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা আশু রেড্ডি। এবার বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে এক এনআরআই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি আত্মসাতের অভিযোগে বিপাকে পড়েছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর বাতিলের আবেদন জানিয়ে আশু রেড্ডি তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে আদালত বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ না করে রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য তলব করেছে।

অভিযোগপক্ষের দাবি, লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর সঙ্গে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আশু রেড্ডির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময় বিয়ের আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিপুল অর্থসহ প্রায় ৫ কেজি স্বর্ণ, একাধিক বিলাসবহুল গাড়ি এবং কয়েকটি ফ্ল্যাট নেওয়া হয়, যেগুলো পরে অভিনেত্রীর নামেই নিবন্ধিত হয়।

ধর্মেন্দ্রর পরিবার জানিয়েছে, মোট লেনদেনের পরিমাণ ৯ কোটি রুপিরও বেশি এবং এর প্রমাণ তারা পুলিশের কাছে জমা দিয়েছেন। এ মামলায় আশু রেড্ডির বোনকেও অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আদালতে নিজের অবস্থান তুলে ধরে আশু রেড্ডি সব অভিযোগই অস্বীকার করেছেন। তার দাবি, ওই ব্যক্তি নিজের ইচ্ছাতেই এবং পারিবারিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এসব খরচ করেছেন। এখানে কোনো ধরনের চাপ বা প্রতারণার ঘটনা ঘটেনি। বরং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে মামলাটি নতুন মোড় নেয় যখন সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে আশু রেড্ডিকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। আদালত পরবর্তী শুনানির জন্য ৪ মে তারিখ নির্ধারণ করেছে এবং ততদিন তদন্ত ও প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন