শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় শীতার্তদের পাশে ‘রাজ রিপা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
চিত্রনায়িকা রাজ রিপা
expand
চিত্রনায়িকা রাজ রিপা

শৈত্যপ্রবাহের কবলে পুরো দেশ। বাদ যায়নি যানজট ও ইট-পাথরের নগরী রাজধানী ঢাকা। বছরের শুরুতেই হাড়কাঁপানো এই শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা রাজ রিপা।

গভীর রাতের আঁধারে কম্বল নিয়ে রাজধানীর গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সহ বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।

জানা যায়, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের হাতে ঘুমন্ত শীতার্ত মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। রাতের নিস্তব্ধতায় এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।

এ সময়ে অনেকের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন, এমন গরিব-দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে গভীর রাতে কখনো হেঁটে, আবার কিছুদূর গাড়িতে গিয়ে এই কার্যক্রম চালান চিত্রনায়িকা রাজ রিপা ও তাঁর সহযোগী বন্ধু-বান্ধবীরা।

কম্বল পেয়ে এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি খুব খুশি।

মানবিক কাজের বিষয়ে চিত্রনায়িকা জানান, শৈত্যপ্রবাহের কারণে আমরা বাড়িতে কম্বল ও গরম জামা-কাপড় পরেও শীত কমাতে পারছি না, তাতে আমাদেরই কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, না জানি রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল অসহায় মানুষগুলো কীভাবে এত শীত সহ্য করছে- এই চিন্তাই আমাকে রাতে তাদের কাছে ছুটে যেতে অনুপ্রাণিত করেছে।

সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই গভীর রাতে রাস্তার পাশে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে আমি ও আমার বন্ধুদের সহযোগিতায় কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যায়ক্রমে এভাবেই আবারও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন