রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির এক দিন আগে, ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং টম হল্যান্ডের স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

এবারও পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। তার সঙ্গে এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আগের কিস্তির মতোই অভিনয় করেছেন জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলো।

নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন নতুন অভিনেতাও। ‘আসোকা’ সিরিজের ইমান এসফান্ডি এমজের নতুন প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় একটি চরিত্রে। আর মার্ভেল ভক্তদের জন্য বড় চমক হয়ে ফিরছেন জন বার্নথাল, যিনি আবারও ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘দ্য পানিশার’ চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমার গল্প শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের সময়কে কেন্দ্র করে। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে গেছে। পরিচয় গোপন রেখেই নিউইয়র্ককে রক্ষা করতে গিয়ে একদিকে যেমন একাকীত্বের সঙ্গে লড়তে হচ্ছে তাকে, অন্যদিকে নতুন এক প্রতিপক্ষ এবং নিজের ক্ষমতার অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখিও হতে হয়।

নির্মাতাদের দাবি, এবার আগের চেয়ে আরও পরিণত ও দায়িত্বশীল স্পাইডার-ম্যানকে দেখতে পাবেন দর্শক। তাই অ্যাকশনের পাশাপাশি চরিত্রটির ব্যক্তিগত সংগ্রাম ও মানসিক পরিবর্তনও সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

প্রযুক্তিগত দিক থেকেও বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তির জন্য নির্মিত। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগের সুযোগ পান।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে এটি নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া মিলছে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলতি বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর একটি হতে পারে। আর আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে সিনেমাটি দেখার সুযোগ পাওয়ায় দেশের মার্ভেল ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন