শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীল ছবি বিতর্কে রাজ কুন্দ্রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৪৮ এএম
রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত
expand
রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে ঘিরে আইনি বিতর্কের জট এখনও কাটেনি। ২০২১ সালে নীল ছবি সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারের পর থেকে টানা চার বছর ধরে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন তিনি।

২০২১ সালের জুলাইয়ে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রাকে আটক করে। অভিযোগ ওঠে, প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির একটি নেটওয়ার্কের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং ‘হটশটস’ অ্যাপের মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হতো। তদন্তে আরও জানা যায়, কনটেন্টগুলো ভারতে ধারণ করা হলেও সেগুলো বিদেশি প্ল্যাটফর্মে আপলোড করা হতো, যাতে স্থানীয় আইন এড়ানো যায়।

গ্রেপ্তারের পর প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান রাজ। তবে দীর্ঘ সময় প্রকাশ্যে আসেননি তিনি; বাইরে বেরোলেই মুখ ঢেকে রাখতেন, যা নিয়ে আলোচনাও কম হয়নি।

২০২৪ সালে মামলার তদন্তে নতুন মোড় নেয়। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট মুম্বই ও উত্তরপ্রদেশে একাধিক স্থানে তল্লাশি চালায়। রাজ কুন্দ্রাসহ সংশ্লিষ্টদের বাড়িতেও অভিযান হয়, যদিও তাতে উল্লেখযোগ্য কিছু মেলেনি। তবুও মামলার চূড়ান্ত রায় এখনও ঝুলে রয়েছে।

এদিকে দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ কুন্দ্রা নিজেই। সামাজিক মাধ্যমে তিনি জানান, চার বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শেষ হয়নি। তার আইনজীবী প্রশান্ত পাটিল আদালতে সব যুক্তি উপস্থাপন করেছেন বলেও দাবি করেন তিনি। রাজের কথায়, “আমি নির্দোষ হলে মুক্তি চাই, আর দোষী হলে শাস্তি মেনে নেব।”

বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া, এমন মন্তব্যও করেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এই মামলার বাইরে সম্প্রতি প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেও তার নাম জড়িয়েছে। এর আগে বিটকয়েন সংশ্লিষ্ট তদন্তেও উঠে এসেছিল তার নাম। ফলে একের পর এক বিতর্কের মাঝেই রাজ কুন্দ্রার আইনি লড়াই এখনো চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন