শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশ ভাটের চরিত্র নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:১৭ এএম
পাকিস্তানি অভিনেত্রী মিরা ও পরিচালক মহেশ ভাট। ছবি : সংগৃহীত
expand
পাকিস্তানি অভিনেত্রী মিরা ও পরিচালক মহেশ ভাট। ছবি : সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে মহেশ ভাটের। এবার নতুন করে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী মিরার মন্তব্য। যিনি একসময় এই নির্মাতার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন বলেই শোনা যায়। সেই মিরার সাম্প্রতিক বক্তব্য ঘিরেই ফের শুরু হয়েছে জোর চর্চা।

দুই দশক আগে বলিউডে পা রাখার সময় বিতর্কের কেন্দ্রে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মিরা। পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তখন নানা গুঞ্জন ছড়িয়েছিল, এমনকি যৌন নিগ্রহের অভিযোগও উঠেছিল। তবে এত বছর পর এসে সেই পুরোনো বিতর্ক নিয়েই ভিন্ন সুরে কথা বললেন অভিনেত্রী।

২০০৫ সালে মুক্তি পাওয়া নজর ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিরার। ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা রটনা ছড়ায়। কিন্তু সম্প্রতি নিজের নতুন ছবি ‘সাইকো’ র প্রচারে গিয়ে মিরা সেই সব অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভাট পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই আন্তরিক ছিল। এমনকি আলিয়া ভাটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও ছিল চোখে পড়ার মতো। মিরার কথায়, আলিয়ার পরিবারের পরিবেশ ছিল সুখী ও উষ্ণ। সেখানে তিনি নিজেও সময় কাটিয়েছেন স্বাচ্ছন্দে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতীতে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে এবার স্পষ্ট বক্তব্য দিয়েছেন মিরা। তাঁর দাবি, ওইসব কথাবার্তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং মহেশ ভাটকে তিনি পিতৃতুল্য বলেই মনে করেন এবং এখনো তাঁদের মধ্যে যোগাযোগ রয়েছে।

এই অবস্থান বদলের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সেই সময় প্রচারের স্বার্থেই এমন অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী?

একই সাক্ষাৎকারে মিরা ভাট পরিবারের কাছে সহায়তাও চেয়েছেন। পূজা ভাটের পরিচালনায় তাঁর একটি অসম্পূর্ণ ছবি ‘সোহরত’নিয়ে কথা বলেন তিনি। ছবিটির কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সে জন্যই ভাট পরিবারের সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন