সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বয়কট করা হয়েছিল সালমান শাহকে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
সালমান শাহ
expand
সালমান শাহ

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেই বাজিমাত করেছিলেন সালমান শাহ। প্রথম ছবিতেই বাজিমাত করে রাতারাতি তারকাখ্যাতি কুড়িয়ে নেন তিনি।

এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়কে পরিণত হতে তার বেশি সময় লাগেনি। তবে তার এই সাফল্যের আকাশচুম্বী দিনগুলোতেও বিতর্ক আর বিরোধ পিছু ছাড়েনি।

ক্যারিয়ারের একেবারে শেষভাগে এসে ১৯৯৬ সালের এপ্রিলে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখে পড়েন এই তরুণ তারকা। প্রযোজক সমিতি তাকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার ফলে নতুন কোনো চলচ্চিত্রে তার যুক্ত হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মূলত প্রযোজক সমিতির সাথে টানাপোড়েনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯৯৬ সালের ২০ জুলাই ‘ভোরের কাগজ’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’- সালমানের এমন একটি মন্তব্যকে কেন্দ্র করেই মূলত চটেছিল প্রযোজক সমিতি।

ছবি সংগৃহীত

এমনকি অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা প্রমাণ ছাড়াই বিভিন্ন প্রযোজনা সংস্থাকে সালমানের সাথে কাজ না করার নির্দেশনা দেওয়া হয়।

প্রযোজক সমিতির এমন সিদ্ধান্তের পর নিজের অবস্থান পরিষ্কার করতে ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন সালমান শাহ। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, তাকে নতুন সিনেমায় না নেওয়ার পেছনে কোনো স্পষ্ট বা যৌক্তিক কারণ দেখায়নি সমিতি।

একই সাথে তিনি আসল বিরোধের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সালমান জানান, তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’- এর সময়ই প্রযোজনা প্রতিষ্ঠান 'আনন্দ মেলা সিনেমা লিমিটেড'- এর সাথে আরও তিনটি ছবির চুক্তি হয়েছিল। পরবর্তীতে শুটিংয়ের শিডিউল দেওয়া কেন্দ্র করে ওই প্রতিষ্ঠানের সাথে তার দূরত্ব তৈরি হয়।

আনন্দ মেলার করা অভিযোগের জের ধরেই পরবর্তীতে প্রযোজক সমিতিসহ অন্যান্য সংগঠন তাকে বয়কটের সিদ্ধান্ত নেয়।

সংকট কেবল প্রযোজক সমিতিতেই সীমাবদ্ধ ছিল না, 'অসদাচরণের' অভিযোগে একপর্যায়ে চলচ্চিত্র শিল্পী সমিতিও তাকে বর্জন করেছিল। যদিও পরবর্তীতে শিল্পী সমিতির কাছে ক্ষমা চেয়ে এবং আনন্দ মেলার সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন সালমান শাহ। তবে এসব বিতর্ক পেছনে ফেলে থিতু হওয়ার আগেই নেমে আসে এক ট্র্যাজেডি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে রহস্যজনকভাবে প্রাণ হারান এই বরপুত্র।

মাত্র চার বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ার হলেও, নিজের অসাধারণ অভিনয় আর স্টাইলে কোটি ভক্তের হৃদয়ে যে স্থান তিনি করে নিয়েছিলেন, তা আজও অমলিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন